রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, একজন শিক্ষকের দায়িত্ব সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়। পড়াশোনা ও পাঠদানের পাশাপাশি শিক্ষকদের গবেষণায়ও যথেষ্ট সময় দিতে হবে। অন্তত ২৫ শতাংশ সময় গবেষণাকাজে ব্যয় করার আহ্বান জানান তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রুয়েটের নবনিযুক্ত ৪৭ জন প্রভাষকের অংশগ্রহণে সপ্তাহব্যাপী ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স রুমে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপাচার্য বলেন, পাঠদানের উৎকর্ষ অর্জনের পাশাপাশি গবেষণায় সাফল্য অর্জন করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে। যারা প্রশ্ন করা বন্ধ করে দেয়, তারা ধীরে ধীরে শেখার আগ্রহ হারিয়ে ফেলে। তাই শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ তৈরি এবং তাদের সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ ও শীর্ষস্থানীয় স্নাতক হিসেবে গড়ে তুলতে হবে, যেন তারা কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারে। শিক্ষকদের প্রতি জাতি ও বিশ্ববিদ্যালয়ের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিচিং-লার্নিং প্রসেসের ভূমিকা রয়েছে। শিক্ষক হওয়ার পর নিজের আচরণ ও বক্তব্যের ধরন পুনর্মূল্যায়ন করতে হবে এবং শিক্ষার্থীদের প্রশ্ন করতে উৎসাহিত করতে হবে।
তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ নবনিযুক্ত শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ। ফাউন্ডেশন প্রোগ্রামের মাধ্যমে নতুন শিক্ষকরা রুয়েটের শিক্ষার মান আরও উন্নত করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আল-আমিন-আল-আজাদউল ইসলাম।
নুর/ এনএ