মরণব্যাধি ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বিজয় মজুমদার। মায়ের চিকিৎসায় ইতোমধ্যে ১০ থেকে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসা সম্পন্ন করতে আরও ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
বিজয় মজুমদার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিজয় জানান, দীর্ঘদিন ধরে তাঁর মা ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইতোমধ্যে ছয়টি কেমোথেরাপি, একটি সার্জারি ও ১৯টি রেডিওথেরাপি সম্পন্ন হয়েছে। পরবর্তী চিকিৎসার অংশ হিসেবে মাকে আরও ১১টি টার্গেটেড থেরাপি দিতে হবে। এ চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা প্রয়োজন। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারের আর্থিক সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে।
এ অবস্থায় মায়ের চিকিৎসা অব্যাহত রাখতে দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান এবং সর্বস্তরের মানুষের প্রতি সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজয়।
বিজয় মজুমদার বলেন, ‘মাকে সুস্থভাবে ফিরে পাওয়াই আমার সবচেয়ে বড় প্রত্যাশা। অর্থের অভাবে যেন মায়ের চিকিৎসা বন্ধ হয়ে না যায়, সেই প্রত্যাশা নিয়েই সবার কাছে সহযোগিতা চাইছি। সবাই মানবিক দিক বিবেচনা করে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিলে হয়তো মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হবে।’
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
* বিকাশ/নগদ/রকেট: ০১৯৬৮৪০২১৩১
* ডাচ্-বাংলা ব্যাংক
* হিসাব নম্বর: 1171030815230
* হিসাবের নাম: Joy Mojumder
নুর/ এনএ