যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া সড়ক’ নামে নামকরণ করা সড়কটির নামফলক উন্মোচন করেছে শিকাগো সিটি কর্তৃপক্ষ।
স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তাঁর ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ১৪ অক্টোবর শিকাগো নগর কর্তৃপক্ষ নামকরণের চূড়ান্ত অনুমোদন দেয়।
‘Honorary Mother of Democracy Begum Khaleda Zia Way’ নামের সড়কটি বিশ্বখ্যাত স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) পাশে অবস্থিত।
সংশ্লিষ্টদের মতে, উইলিস টাওয়ার শিকাগোর অন্যতম পরিচিত স্থাপনা। এর পাশে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ হওয়ায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা তাঁর রাজনৈতিক অবদান সম্পর্কে জানার সুযোগ পাবেন। এর আগে ২০১৪ সালে শিকাগোতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, শিকাগোর বাংলাদেশি সম্প্রদায়ের যাঁরা এই ঐতিহাসিক নামকরণের আবেদন করেছেন, শাহ্ মোজাম্মেল নান্টুসহ তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন। এ উদ্যোগে সামান্য একজন অংশীদার হতে পেরে তাঁরা গর্বিত।
তিনি জানান, গত ২৩ সেপ্টেম্বর শিকাগোর ৩৬তম ওয়ার্ডের কাউন্সিলর গিলবার্ট ভিলেগাস সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন। পরে ১৪ অক্টোবর কাউন্সিলের পরিবহন ও জনপথবিষয়ক কমিটি প্রস্তাবটির পক্ষে সর্বসম্মত সুপারিশ জানায়।
নুর/ এনএ