
প্রিয়জন ডেস্কঃ ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের (বোর্ড চ্যালেঞ্জ) ফল আগামী ২৩ নভেম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শনিবার (২১ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু এ তথ্য নিশ্চিত করেন।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। টানা ১৪ দিনে পরীক্ষকেরা এসব খাতা পুনঃনিরীক্ষণের কাজ শেষ করেছেন।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমে যাওয়ায় পুনঃনিরীক্ষণের আবেদনের সংখ্যা বেড়েছে। ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
এ বছর গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এর আগে ২০২৫ সালে ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার খাতা এবং ২০২৪ সালে ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী ৫ লাখ ৮ হাজার ১১৬টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। সেই তুলনায় এবার আবেদনের সংখ্যা আগের যেকোনো বছরের চেয়ে বেশি। ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে।
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনভাবে ফল জানতে পারবেন।
১. ওয়েবসাইটের মাধ্যমে
শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ড ও পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সাবমিট করতে হবে।
২. পিডিএফের মাধ্যমে
নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামের পিডিএফ ডাউনলোড করতে হবে। সেখানে রোল নম্বর দিয়ে খুঁজলেই সংশোধিত ফল দেখা যাবে।
৩. এসএমএসের মাধ্যমে
যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, অর্থাৎ ফেল থেকে পাস করবেন অথবা গ্রেড বাড়বে, তাঁদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে শিক্ষা বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে।