ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের প্রয়াত সভাপতি আসমা সাদিয়া রুনার স্মরণে স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে বিভাগের একটি শ্রেণিকক্ষে এ লাইব্রেরির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকল্যাণ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রোকসানা মিলি। এ ছাড়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, আসমা সাদিয়া রুনার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করি। বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর অসংখ্য সমস্যার মুখোমুখি হতে হয়েছে। রুনা ও সাজিদের ঘটনাটি গুরুত্বসহকারে বিবেচনা করেছি। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা সামগ্রিক কার্যক্রমের ওপর নির্ভর করে। প্রশাসন এককভাবে এ দায়িত্ব পালন করতে পারে না। রুনার স্মরণে বিভাগের এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, রুনা হত্যার বিচারের বিষয়টি পুলিশ প্রশাসনের অধীনে। বিচারের প্রক্রিয়া ত্বরান্বিত করতে পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে বলে আশা করছি। বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম-নীতি রয়েছে, যা শিক্ষক-শিক্ষার্থী সবার জন্য প্রযোজ্য। যারা তা অমান্য করবে, তাদের শাস্তির আওতায় আনা হবে। এতদিন অনিয়মের মধ্যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়েছে। আমরা প্রতিষ্ঠানটিকে নিয়মের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এ ছাড়া সমাজকল্যাণ বিভাগের শিক্ষক সংকট নিরসনে নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রোকসানা মিলি বলেন, বিভাগের দায়িত্ব নেওয়ার পর সমস্যাগুলো দূর করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। বিভাগে অবকাঠামোগত সমস্যা রয়েছে। শিক্ষকদের বসার পর্যাপ্ত জায়গাও নেই। তবে বিভাগের একজন শিক্ষকের স্মরণে শ্রেণিকক্ষে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কাজে বিভাগের শিক্ষার্থীরাও সহযোগিতা করেছে।
উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় পরদিন নিহতের পরিবার ইবি থানায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করে। পরে অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।
নুর/ এনএ