রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীকে ছুরির মতো ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আরএইচ গেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. আরমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) বিভাগের শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বন্ধুর বাসা থেকে রুয়েট ক্যাম্পাসে ফেরার পথে ভদ্রা এলাকা থেকে দুই ব্যক্তি তাঁকে পেছন থেকে অনুসরণ করতে থাকেন। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও একপর্যায়ে তাঁদের চলাফেরায় সন্দেহ হয় তাঁর। পরে আরএইচ গেট-সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই দুই ব্যক্তি তাঁর পেটে ছুরির মতো ধারালো কিছু ঠেকিয়ে ভয় দেখান। এ সময় তাঁরা তাঁর মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
আরমান জানান, ছিনতাই হওয়া মানিব্যাগে প্রায় পাঁচ হাজার টাকা, লাইব্রেরি কার্ড এবং প্রয়োজনীয় কিছু কাগজপত্র ছিল। তবে ভুলবশত নিজের মুঠোফোনটি বন্ধুর বাসায় রেখে আসায় সেটি ছিনতাইয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
রুয়েটে আসার পর প্রথমবারের মতো এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে জানান তিনি। এ ঘটনায় বিব্রত ও উদ্বিগ্ন ওই শিক্ষার্থী।
নুর/ এনএ