রাজশাহী আদালতের নবীন আইনজীবী আয়েশা খাতুন ও ইয়ামিনসহ দেশের বিভিন্ন আদালতে আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল রাজশাহী শাখার উদ্যোগে রাজশাহী বারের সাধারণ আইনজীবীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। সভাপতিত্ব করেন সংগঠনটির রাজশাহী শাখার সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম। সভা সঞ্চালনা করেন অ্যাডভোকেট হাসানুল বান্না সোহাগ।
প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ সেলিম আইনজীবীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি রাজশাহী আইনজীবী সমিতির বর্তমান কমিটিকে আদালত চত্বরে আইনি পরিবেশ বজায় রাখতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, সাধারণ আইনজীবীদের স্বার্থ রক্ষায় ল’ইয়ার্স কাউন্সিল সব সময় তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসেরও নিন্দা জানান। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন করলে আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ল’ইয়ার্স কাউন্সিল সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাডভোকেট শামসুল আলম, অ্যাডভোকেট হাসানুল বান্না সোহাগ, অ্যাডভোকেট সেলিম রেজা মাসুম, অ্যাডভোকেট মিনহাজ, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ফিরোজ, অ্যাডভোকেট আব্দুল কাদির, অ্যাডভোকেট মিরাজ ও অ্যাডভোকেট আয়েশা খাতুনসহ রাজশাহী বারের সাধারণ আইনজীবীরা।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
নুর/ এনএ