পবিত্র কোরআনই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে। কোরআনের শিক্ষাই দেশ ও জাতির রক্ষাকবচ হতে পারে। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে সবাইকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতে হবে। জান্নাতে একা যাওয়ার চিন্তা নয়, বরং সবাইকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (২৮ নভেম্বর) রাতে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মিজানুর রহমান আজহারী বলেন, জান্নাতে একা একা নয়, দলে দলে যেতে হবে। নিজের পাশাপাশি অন্যদের কাছেও কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। মানুষকে সত্যের পথে আহ্বান জানাতে হবে এবং জান্নাতের পথ দেখাতে হবে। সবাইকে সঙ্গে নিয়ে জান্নাতে যাওয়ার প্রত্যাশা থাকতে হবে।
সূরা আল-ওয়াকিয়ার তাফসির তুলে ধরে তিনি বলেন, কেয়ামত একটি অবশ্যম্ভাবী মহা ঘটনা। নির্ধারিত সময়ে তা সংঘটিত হবেই। পৃথিবীর কোনো শক্তি কেয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে না। পবিত্র কোরআনে কেয়ামতকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। এসব নামের মাধ্যমে কেয়ামতের ভয়াবহতা ও তাৎপর্য তুলে ধরা হয়েছে।
তিনি বলেন, কেয়ামতের দিন মানুষ তিনটি দলে বিভক্ত হবে। একদল হবে ডান দিকের মানুষ, যারা আল্লাহর অনুগত ও সৌভাগ্যবান। আরেক দল হবে বাম দিকের মানুষ, যারা আল্লাহর অবাধ্য। অন্য দলটি হবে অগ্রগামীদের। তারা ঈমান ও আমলে অগ্রগামী এবং আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। তাদের জন্য রয়েছে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত।
কেয়ামতের দিনের পরিণতি তুলে ধরে আজহারী বলেন, সেদিন দুনিয়ার সব হিসাব-নিকাশ পাল্টে যাবে। যারা ক্ষমতার অপব্যবহার করে মানুষের ওপর জুলুম করেছে, তারা অপমানিত হবে। আর মজলুম ও আল্লাহর অনুগত বান্দারা সম্মানিত হবেন। কেয়ামতের দিনে সম্মান ও অপমানের বিষয়টি হবে অত্যন্ত ব্যাপক। সেদিন অসংখ্য মানুষের সামনে কারও মর্যাদা প্রতিষ্ঠিত হবে, আবার কারও অপমান প্রকাশ পাবে।
তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.) কেয়ামতের দিনের অপমান ও লাঞ্ছনা থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। হজরত ইবরাহিম (আ.)-ও পুনরুত্থানের দিনের লাঞ্ছনা থেকে মুক্তি চেয়ে প্রার্থনা করেছিলেন। নবী-রাসুলরাও যখন আল্লাহর কাছে এভাবে প্রার্থনা করেছেন, তখন আমাদেরও কেয়ামতের দিনের অপমান থেকে রক্ষা পাওয়ার জন্য তাঁর কাছে আশ্রয় চাওয়া উচিত।
সূরা আল-ওয়াকিয়ার আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কেয়ামতের দিন পৃথিবী প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। গোটা পৃথিবী একযোগে ভয়ংকরভাবে কেঁপে উঠবে। এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের সাধারণ ভূমিকম্প হবে না; বরং সমগ্র পৃথিবীজুড়ে সংঘটিত হবে এক মহাপ্রলয়ংকরী কম্পন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন, ডা. আব্দুল বারী সরদার, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এরশাদ আলী ঈশাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী রাত ৮টার পর বক্তব্য শুরু করেন। মাহফিলে রাজশাহী মহানগরীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নেন। নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়। মাহফিলে ইসলামী সংগীতও পরিবেশন করা হয়।
নুর/ এনএ