
ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে ঘিরে রাজশাহীতে সক্রিয় হয়ে উঠেছিল পকেটমার চক্র। দেশের বিভিন্ন স্থান থেকে আসা এমন একটি চক্রের ৩৭ নারী সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও ডিবির উপপুলিশ কমিশনার গাজিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের উদ্দেশ্য ছিল মাহফিলে আসা মানুষের পকেটমারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে এ তাফসির মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আয়োজকদের ধারণা, মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটতে পারে।