সংসদ সদস্যদের বরাদ্দের ক্ষেত্রে দলীয় বিবেচনা বা বৈষম্য নয়, বরং ন্যায় ও ইনসাফ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। তিনি বলেন, সব সংসদ সদস্যের প্রতি সমান আচরণ করতে হবে।
বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য করা হলে সংসদ সদস্যদের মধ্যে বিভেদ তৈরি হবে, যা জাতীয় ঐক্য বিনষ্ট করবে। তাই সবার জন্য সমান সুযোগ ও সুবিচার নিশ্চিত করতে হবে। দেশকে আবারও ঐক্যবদ্ধ করতে হলে গণভোটের রায়ের বিষয়ে ফিরে এসে সমস্যার সমাধান করতে হবে।
শনিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দেশের মন্ত্রী ও সংসদ সদস্যরা যদি পরস্পরের প্রতি সুবিচার ও ইনসাফ করেন, তাহলে বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে। কিন্তু একজন আরেকজনের প্রতি অবিচার ও জুলুম করলে ঐক্য বিনষ্ট হবে। ইতিমধ্যে কিছু ক্ষেত্রে এর লক্ষণ দেখা যাচ্ছে। তাই বিভেদ ও বৈষম্য তৈরি না করে বরাদ্দের ক্ষেত্রে সব সংসদ সদস্যের প্রতি সমান আচরণ করতে হবে। সবাই জনগণের ভোটে নির্বাচিত। সমানভাবে বরাদ্দ দেওয়া হলে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এবং জাতীয় ঐক্য বজায় থাকবে।
রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জুলুমের বিরুদ্ধে এবং মুসলমানদের পক্ষে লড়াই করেছি, ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। আজকের এই মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ একসঙ্গে বসেছেন। এটি একটি ভালো উদ্যোগ। এভাবে সর্বত্র আমরা একসঙ্গে ন্যায় ও ইনসাফের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে পারলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, ইনশাআল্লাহ।’
তিনি প্রধানমন্ত্রীসহ বিএনপির নেতৃবৃন্দ ও দেশের জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করায় দেশে বিভক্তি তৈরি হয়েছে। দেশকে আবারও ঐক্যবদ্ধ করতে হলে গণভোটের রায়ের বিষয়ে ফিরে এসে সমস্যার সমাধান করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত মুফাসসিরে কুরআন শায়খ ড. মিজানুর রহমান আজহারী। সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল হক মিলন, ডা. আব্দুল বারী সরদার, অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান আলোচক শায়খ ড. মিজানুর রহমান আজহারী রাত ৮টার পর মাহফিলে আলোচনা শুরু করেন। মাহফিলে মহানগরীসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লি যোগ দেন। নারীদের জন্য পৃথক বসার বিশেষ ব্যবস্থা করা হয়। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করা হয়।
মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রাজশাহী জেলা সভাপতি ও বাঘা-চারঘাট আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, ‘ভারতের মাটি থেকে যারা বাংলাদেশের অস্তিত্ব বিলীন করার ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে এ দেশের ওপর আধিপত্য বিস্তার করতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াতে হবে।’
নুর / এনএ