
প্রিয়জন ডেস্কঃ বিশ্বসুন্দরীর মুকুট জয়ের পর এবার নারীদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। নিজের ওপর বিশ্বাস রাখা, স্বকীয়তা বজায় রাখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, নারীদের অন্যের পছন্দ অনুযায়ী নিজেকে গড়ে তোলার প্রয়োজন নেই; বরং নিজের সব বৈশিষ্ট্যকে গ্রহণ করেই সামনে এগিয়ে যেতে হবে।
বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে জেনিফার বারেটো কখনো কোনো সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেননি। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক প্রতিরোধমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ শুরু করেন জেনিফার। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করেন। পরবর্তী সময়ে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
প্রতিযোগিতার শুরুতে এক সাক্ষাৎকারে জেনিফার জানিয়েছিলেন, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়, বরং নিজের পরিশ্রম ও যোগ্যতার ভিত্তিতে এই মঞ্চে মূল্যায়িত হতে চান তিনি। প্রতিযোগিতাজুড়ে নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
মিস ইউনিভার্সের প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নেতৃত্ব নিয়েও নিজের মতামত তুলে ধরেন জেনিফার। তিনি বলেন, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের মানবিক মূল্যবোধের জায়গা দখল করতে না পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি।
নেতৃত্বের বিষয়ে তাঁর বক্তব্য, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা বুঝে কাজ করলেই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব।
উল্লেখ্য, পুয়ের্তো রিকোর কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট ভেন্যুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের ৭৫তম আসর। ২৭ বছর বয়সী জেনিফারের এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট জিতল পুয়ের্তো রিকো।
এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা পুয়ের্তো রিকোর হয়ে এই খেতাব অর্জন করেন।