
প্রিয়জন ডেস্কঃ ন্যূনতম মজুরি ঘোষণার দ্বিতীয় দিনেও গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং শিল্প পুলিশের এক সদস্যকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একদল শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের একটি মোটরসাইকেল ও নাওজোর এলাকার একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।
অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজার এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। বেলা ১১টার দিকে তাঁদের বিক্ষোভ ও সড়কে অবস্থানের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, শিল্প পুলিশ, থানা ও হাইওয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশের ধাওয়ায় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান। দুপুর ১২টার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোর এলাকার বাসিন্দা মেহেদী হাসান জানান, শ্রমিকদের সঙ্গে আরও কিছু তরুণ আন্দোলনে যোগ দেন। তাঁরা সড়ক অবরোধ করে আগুন জ্বালান। এ সময় শিল্প পুলিশের একজন সদস্যকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তিনি কোনোভাবে সেখান থেকে বেরিয়ে যান।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিক্ষোভকারীরা পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। নাওজোর, ভোগরা ও সালনা এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে তাঁদের বল প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, পরিস্থিতি বিবেচনায় আজ ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য ৩২টি কারখানা বন্ধ রয়েছে।