• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রুয়েট শিক্ষার্থীকে ছুরির ভয় দেখিয়ে মানিব্যাগ ছিনতাই রাজশাহীতে প্রথমবারের মতো তাফসির মাহফিলে আসছেন আজহারী রাজশাহীতে সন্ত্রাসবিরোধী অবস্থান কর্মসূচি পালন বিএনপির আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ রাজশাহীতে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ২৪ নম্বর ওয়ার্ডের সমস্যা সমাধানে রাসিক প্রশাসকের তাৎক্ষণিক নির্দেশ পদ্মাপাড়ে রাসিকের অভিযানে ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদপদ্মাপাড়ে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন সংগঠনের নেতাদের সাক্ষাৎ

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে আতঙ্ক সৃষ্টির বিষয়টি গুরুত্ব পেয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দলের নেতারা বৈঠকে বসেছেন।

তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির অপতৎপরতা রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে ১১ দল।

মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবের সময় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়বে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করাকে বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দিচ্ছে ১১ দল। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

ব্রিফিংয়ে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পাশাপাশি অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও যানবাহনের মালিকদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেন নেতারা।

এ সময় সরকারের প্রতি কঠোরভাবে নৈরাজ্য দমনের আহ্বান জানান মামুনুল হক। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার অনুরোধ জানান তিনি।

ব্রিফিংয়ে ১১ দলের নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সরকারের প্রধান দায়িত্ব। তাঁদের অভিযোগ, সরকারের পদক্ষেপ যথাযথ ও দৃশ্যমান না হওয়ায় ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতার সুযোগ পেয়েছে।

তারা আরও বলেন, ক্ষমতায় কে থাকবে, সেটি মুখ্য বিষয় নয়; জনগণের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই তাদের মূল লক্ষ্য। এসব দাবি আদায় এবং যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে ১১ দল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।