গোপালগঞ্জে অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনাকে রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে গোলাম পরওয়ার বলেন, গোপালগঞ্জে নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং বিভিন্ন স্থাপনা ও রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা দেখে মনে প্রশ্ন জাগে, এটি কি বাংলাদেশ নামক রাষ্ট্রেরই একটি অংশ?
তিনি বলেন, এসব ঘটনা শুধু সরকারের ব্যর্থতা নয়, বরং রাষ্ট্রযন্ত্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। রাষ্ট্রের সব অঙ্গ, প্রশাসনিক স্থাপনা ও অবকাঠামোর তত্ত্বাবধান, নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ন্ত্রণ বজায় রাখার দায়িত্ব রাষ্ট্রের। অথচ এসব ঘটনা দেখে রাষ্ট্রের কোনো অভিভাবক আছে কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রেও সরকার ও রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
তিনি বলেন, জনগণের কাছে করা ওয়াদা যারা ভঙ্গ করে এবং গণআকাঙ্ক্ষা ও গণরায় উপেক্ষা করে, তাদের প্রতি জনগণের আস্থা থাকার কথা নয়। এই সরকারের সঙ্গে যে জনগণ নেই, রাষ্ট্রের চরম ব্যর্থতাই যেন তার প্রমাণ দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে দাবি করেন? মানুষ যখন নিজের চোখে এসব ঘটনা দেখছে, তখন এমন বক্তব্য তাদের কাছে শুধু হাস্যকরই নয়, বরং বাস্তবতাকে অস্বীকার করার শামিল।
নুর/ এনএ