নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত অপরাধের বিচার নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন সাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
তিনি বলেন, ‘যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুনি হাসিনা ও আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করতে পারে না, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে বাংলাদেশ পরিচালনা করা সম্ভব নয়।’
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী নগরীর জাদুঘর মোড়ে ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার উদ্যোগে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তাকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে অপরাধীরা প্রকাশ্যে নৈরাজ্য সৃষ্টির সুযোগ পাচ্ছে। অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এটি স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। আওয়ামী লীগের অপরাধীদের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে না পারলে তারা দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টি করবে, আর সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করবে। কোথাও নৈরাজ্য সৃষ্টি হলে অন্যদের দিকে না তাকিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে সাবেক এই রাকসু ভিপি বলেন, জুলাইয়ের যোদ্ধারা রাজপথে আন্দোলন করেছেন। তাঁদের সহযোদ্ধারা শহীদ হয়েছেন, অনেকে প্রাণ হারিয়েছেন। তাঁদের ত্যাগ ও অভিজ্ঞতাকে যথাযথ সম্মান জানাতে হবে।
আলী রায়হানকে স্মরণ করে তিনি বলেন, ‘আলী রায়হান ভাইয়ের কথা আমরা ভুলে যাইনি। আমাদের পাশেই তাঁর মাথায় গুলি লেগেছিল। আমরা সেই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানি, ন্যায়বিচার কতটা জরুরি।’
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে আবার রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার কোনো প্রচেষ্টা মেনে নেওয়া হবে না। জুলাই আন্দোলনে সরাসরি অংশগ্রহণকারীরা এ বিষয়ে সোচ্চার থাকবেন।
বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগের মিছিল ও রাজনৈতিক তৎপরতার বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এ ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তাঁদের আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে। যেকোনো আন্দোলন-সংগ্রামে ছাত্রশিবির ও ছাত্রসমাজের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেবেন।
সমাবেশে রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণদের প্রত্যাশা ছিল বাংলাদেশ একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু এখনো সেই প্রত্যাশিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। দেশে পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত হয়নি, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয়নি। গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এখনো হয়নি।
তিনি বলেন, নতুন সরকারের কাছে আমাদের আহ্বান, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন এসেছে, তার মূল দাবি ও আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি সন্ত্রাসমুক্ত সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
ইমরান নাজির আরও বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশে সন্ত্রাস ও সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড, হামলা ও মিছিলের ঘটনা ঘটছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে সন্ত্রাস ও অন্যায়ের কোনো জায়গা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সন্ত্রাসমুক্ত করতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। কেউ অন্যায় বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।
এর আগে বিক্ষোভ মিছিলটি নগরীর জাদুঘর মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নুর/ এনএ