বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) গুণগত মানসনদ ছাড়াই দই ও মিষ্টি উৎপাদন এবং বিক্রির দায়ে রাজশাহীতে অলিম্পিক সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর মহিষবাথান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় গুণগত মানসনদ ছাড়াই সুইটমিট (মিষ্টি) ও ফার্মেন্টেড মিল্ক (দই) উৎপাদন এবং বিক্রি-বিতরণ করছিল। পাশাপাশি পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্যসংবলিত লেবেলও ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।