২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে ক্রিকেটের এই বিশ্ব আসর। ইন্দোনেশিয়ার বালিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর সূচি চূড়ান্ত করেছে আইসিসি। এ সময়ের মধ্যে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত চলবে এ আসর। ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তবে ২০৩২ ও ২০৩৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক এখনো চূড়ান্ত হয়নি।
আইসিসি জানিয়েছে, ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পরপর জুন মাসে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ড। অন্যদিকে, ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এই সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করবে। পাশাপাশি খেলোয়াড়দের উন্নয়নের সুযোগ তৈরি, উচ্চমানের কর্মসূচি এবং সুশৃঙ্খল ক্রীড়া সূচি প্রণয়নেও এটি ভূমিকা রাখবে।
নুর/ এনএ