
প্রিয়জন ডেস্কঃ রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের সামনের অংশ থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধারের পর নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এ সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে থাকা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে পেছনের ফটক দিয়ে বের করে নেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটে একটি ফ্লাইটে রাজশাহীতে অবতরণ করেন মন্ত্রী। ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে তিনি রাজশাহীতে যাত্রাবিরতি করেন। এর পাঁচ মিনিট পর স্থানীয় এক ব্যক্তি বিমানবন্দরের সামনে পড়ে থাকা দুটি সন্দেহজনক বস্তু দেখতে পেয়ে দায়িত্বরত পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে। পরে মন্ত্রীকে বিষয়টি জানানো হলে নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁকে বিমানবন্দরের মূল ফটক ব্যবহার না করে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। সেখান থেকে তিনি সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বস্তু দুটি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।