
প্রিয়জন ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি এলাকায় নির্ধারিত সীমানার বাইরে ব্যবসা পরিচালনা না করার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসতে না দেওয়ার জন্য ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব নির্দেশনা দেন। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে নিজস্ব নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।
ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জরিপে ধানমন্ডিকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, সাধারণ মানুষের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়। ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও সবাইকে বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কর্মসূচি গ্রহণ করলে সিটি করপোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন ডিএসসিসি প্রশাসক।
এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।