রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে ভর্তি পরীক্ষার সময়সূচিও চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপাচার্য জানান, এবার প্রথমে ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
তিনি আরও জানান, আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় নির্ধারণ করা হবে।
ভর্তির আবেদনের যোগ্যতা সম্পর্কে উপাচার্য জানান, মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমানের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।
অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭.৫০।