বিশ্বের ইতিহাসে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়তে বাধ্য হওয়া শাসকের সংখ্যা কম নয়। কেউ নির্বাসনে কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো, কেউ দেশে ফেরার অনুমতি না পেয়ে বিদেশেই মারা গেছেন। আবার কেউ নির্বাসন শেষে দেশে ফিরে কারাবরণ করেছেন, এমনকি পুনরায় রাষ্ট্রক্ষমতায়ও ফিরেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আধুনিক বিশ্বরাজনীতিতে নির্বাসিত নেতাদের দেশে ফেরা ঘিরে ঘটেছে নানা নাটকীয় ঘটনা। পাকিস্তান, উগান্ডা, ফিলিপাইন, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের সাবেক শাসকদের জীবনেই রয়েছে এমন অভিজ্ঞতা।
ইস্কান্দর মির্জা: পাকিস্তানে ফেরার অনুমতি পাননি
পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ইস্কান্দর আলি মির্জা ১৯৫৬ সালে দায়িত্ব গ্রহণ করেন। তবে দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যেই ক্ষমতাচ্যুত হন তিনি। ১৯৫৮ সালের অক্টোবরে সেনাশাসন জারির পর তৎকালীন সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানের নেতৃত্বে ক্ষমতা হারিয়ে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসনে যেতে বাধ্য হন।
১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত নির্বাসনে থাকা অবস্থায় তাঁর পরিবারের পক্ষ থেকে একাধিকবার পাকিস্তানে ফেরার অনুমতি চাওয়া হলেও তৎকালীন সরকার তাতে সাড়া দেয়নি।
১৯৬৯ সালে ৭০ বছর বয়সে লন্ডনে মারা যান ইস্কান্দর মির্জা। তাঁর মরদেহ পাকিস্তানে সমাহিত করার আবেদনও প্রত্যাখ্যান করা হয়। পরে ইরানের তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ব্যক্তিগত বিমান পাঠিয়ে তাঁর মরদেহ ইরানে নিয়ে যান। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।
ইদি আমিন: উগান্ডায় ফেরার স্বপ্ন অধরাই
‘কাম্পালার কসাই’ নামে পরিচিত উগান্ডার সাবেক শাসক ইদি আমিন ১৯৭১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত দেশটির ক্ষমতায় ছিলেন। তাঁর শাসনামলে প্রায় পাঁচ লাখ মানুষ হত্যার শিকার হয়েছিলেন বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ধারণা।
১৯৭৮ সালে তানজানিয়া আক্রমণের পর দেশটির সেনাবাহিনী ও উগান্ডার সরকারবিরোধীদের যৌথ অভিযানে ক্ষমতাচ্যুত হন ইদি আমিন। এরপর প্রথমে লিবিয়া এবং পরে সৌদি আরবে আশ্রয় নেন তিনি।
নির্বাসনে থাকাকালে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ অস্বীকার করেন। ২০০৩ সালে গুরুতর অসুস্থ অবস্থায় উগান্ডায় ফেরার অনুমতি চাইলেও তৎকালীন প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সরকার তাতে সম্মতি দেয়নি। ওই বছরই সৌদি আরবে তাঁর মৃত্যু হয়।
ফার্দিনান্দ মার্কোস: মৃত্যুর পর দেশে ফেরে মরদেহ
ফিলিপাইনের দীর্ঘদিনের শাসক ফার্দিনান্দ মার্কোস সিনিয়র ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত প্রায় ২০ বছর ক্ষমতায় ছিলেন। ১৯৭২ সালে সামরিক আইন জারির মাধ্যমে ক্ষমতা আরও সংহত করেন তিনি।
বিরোধী নেতা বেনিগনো অ্যাকুইনো হত্যাকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ১৯৮৬ সালে গণআন্দোলনের মুখে পরিবারসহ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে পালিয়ে যেতে বাধ্য হন মার্কোস।
১৯৮৯ সালে সেখানে তাঁর মৃত্যু হয়। প্রথমে তাঁর মরদেহ দেশে ফেরানোর অনুমতি দেওয়া হয়নি। পরে ১৯৯৩ সালে প্রেসিডেন্ট ফিদেল ভি. রামোস সেই নিষেধাজ্ঞা তুলে নেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমলে তাঁর মরদেহ রাজধানী ম্যানিলায় বীরদের সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়।
থাকসিন সিনাওয়াত্রা: নির্বাসন শেষে দেশে ফিরে কারাবাস
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০১ সালে প্রথমবার ক্ষমতায় আসেন। ২০০৫ সালে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও কর ফাঁকির অভিযোগ ওঠে। রাজনৈতিক অস্থিরতার মধ্যে ২০০৬ সালের সেপ্টেম্বরে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর যুক্তরাজ্যে চলে যান।
২০০৭ সালে তাঁর রাজনৈতিক জোট নির্বাচনে জয়ী হলে দেশে ফিরে এলেও দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর আবারও দেশ ছাড়েন। দীর্ঘ সময় দুবাইয়ে নির্বাসনে থাকার পর ২০২৩ সালে থাইল্যান্ডে ফেরেন তিনি। দেশে ফেরার পর আদালতের দেওয়া আট বছরের কারাদণ্ড ভোগ করতে কারাগারে যান। পরে তাঁর সাজা কমিয়ে এক বছর করা হয়।
এদিকে নির্বাসনে থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে তাঁর প্রভাব বজায় ছিল। তাঁর বোন ইংলুক সিনাওয়াত্রা ও মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
নওয়াজ শরীফ: দুই দফায় নির্বাসন, আবারও দেশে ফেরা
পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের রাজনৈতিক জীবনে নির্বাসনের অভিজ্ঞতা রয়েছে দুই দফায়। ১৯৯৯ সালে সেনাপ্রধান পারভেজ মোশাররফের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
পরবর্তী সময়ে সৌদি রাজপরিবার ও যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ২০০০ সালে মুক্তি পেয়ে সৌদি আরবে নির্বাসনে যান। ২০০৭ সালে দেশে ফিরে ২০১৩ সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
২০১৬ সালে পানামা পেপার্স কেলেঙ্কারিতে তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। এর জেরে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রিত্ব হারান তিনি।
২০১৯ সালে চিকিৎসার জন্য চার সপ্তাহের অনুমতি নিয়ে যুক্তরাজ্যে গেলেও চার বছর আর দেশে ফেরেননি। পরে ২০২২ সালে তাঁর ভাই শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী হওয়ার পর নতুন পাসপোর্ট নিয়ে ২০২৩ সালে পাকিস্তানে ফেরেন নওয়াজ। দেশে ফিরে আদালতে বিভিন্ন মামলার বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেন।
আরও অনেক নেতার নির্বাসন ও প্রত্যাবর্তন
এসব নেতার বাইরেও বিশ্বরাজনীতিতে ক্ষমতাচ্যুত হয়ে নির্বাসনে যাওয়া এবং দেশে ফেরা নিয়ে নানা ঘটনা রয়েছে। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশ ছাড়লেও এখনো ফিরতে পারেননি। অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশের নির্বাসন স্থায়ী হয়েছিল দুই মাসেরও কম সময়।
বিশ্বজুড়ে এসব ঘটনা প্রমাণ করে, ক্ষমতা হারানোর পর কোনো নেতার রাজনৈতিক ভবিষ্যৎ এক রকম হয় না। কারও নির্বাসন কাটে বিদেশের মাটিতে, কারও প্রত্যাবর্তন ঘটে কারাগারে, আবার কেউ ফিরে পান রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ।
সূত্র: বিবিসি বাংলা