
প্রিয়জন ডেস্কঃ খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে ফাহাদ হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে থাকা আরও দুজন পালিয়ে যায়। বুধবার (১১ নভেম্বর) ভোরে নগরীর শিববাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।
আটক ফাহাদ নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার হাসান উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে তিন যুবক একটি মোটরসাইকেলে করে শিববাড়ি মোড়ে আসেন। পরে তাদের একজন জুলাই স্মৃতিস্তম্ভের কাছে যান। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাকে তল্লাশি করেন। এ সময় তার কাছ থেকে পেট্রোলভর্তি একটি বোতল ও পটকা জাতীয় কিছু বস্তু উদ্ধার করা হয়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে তিনজন যুবক ছিল। জনতা ও পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।