আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুস সোবাহান মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি আব্দুল মুনতাকিম, জাহিদুল ইসলাম ও শাকিল আহমেদ, সাবেক সেক্রেটারি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মালেকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আঙিনায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখার এখনই উপযুক্ত সময়। দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষিত, দক্ষ, যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও নৈতিকতার সমন্বয় ঘটাতে হবে।