
প্রিয়জন ডেস্কঃ রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে মামলা হয়েছে। শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় অভিযুক্ত জালাল আহমদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি বলেন, গতরাতে রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় অভিযুক্ত জালালকে হেফাজতে নেয় পুলিশ। রাতেই তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করে। সেই মামলায় অভিযুক্ত হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও ডাকসু ভিপি প্রার্থী জালালকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মধ্যরাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ভিপি প্রার্থী জালাল আহমেদ টিউবলাইট দিয়ে তার রুমমেট রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রবিউল হককে আঘাত করেন। এতে রবিউল মারাত্মকভাবে আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটিকে কেন্দ্র করে মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসিন হল। চাওয়া হয় হল প্রভোস্টের অপসারণ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রুমমেট হলেও ভিপি প্রার্থী জালাল আহমেদ ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলে আসছিল।
এক শিক্ষার্থী বলেন, ‘জালাল ভাই যখন হিটার চালাচ্ছিলেন তখন অনেক শব্দ হচ্ছিল। তখন রবিউল বলেন যে জালাল ভাই শব্দ কইরেন না, আমি ঘুমাবো। তখন তাদের দুইজনের মধ্যে এ বিষয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধাক্কাধাক্কি হাতাহাতি হয়। এরপর পাশে যে রডলাইট ছিল সেটা দিয়ে জালাল ভাই রাগের বশবর্তী হয়ে তাকে আঘাত করে।’জালালের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করা হলেও হল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘তার প্রার্থিতা থাকবে কি থাকবে না সেটা নির্বাচন কমিশন তাদের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবেন।’
শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে হল প্রভোস্ট পদত্যাগের ঘোষণা দিলেও এ নিয়ে আলোচনার প্রয়োজন বলে জানান প্রক্টর। তবে ডাকসু নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি।
এদিকে ডাকসু নির্বাচনকে সামনে রেখে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা।