
প্রিয়জন ডেস্কঃ ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে কারখানার কাজ বন্ধ করে সড়কে নেমে আসেন তাঁরা।
শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহন চালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।