রাজশাহীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামিসহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন জাহিদ হাসান ও ইশরাক হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহিদ হাসান রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের মেয়ে ডা. আনিকা ফারিহা জামান অর্ণার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করতেন। অভিযোগ রয়েছে, জাহিদ ও ইশরাকসহ প্রায় ৪০ থেকে ৫০ জনের একটি দল এলাকায় প্রভাব বিস্তার ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলার ২১ নম্বর এজাহারভুক্ত আসামি জাহিদ।
সূত্র জানায়, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পরও জাহিদ ও ইশরাকের বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার এবং চাঁদাবাজির অভিযোগ ওঠে। স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতার সঙ্গে সখ্যতা গড়ে তারা পুনরায় এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় নতুন বাড়ি নির্মাণ শুরু হলে জাহিদ ও তার সহযোগীরা সেখানে গিয়ে বাড়ির মালিকদের ভয়ভীতি দেখাতেন। পরে ইট, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী সরবরাহের কথা বলে নিজেদের নির্ধারিত দামে এসব সামগ্রী কিনতে বাধ্য করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, প্রায় এক মাস আগে সোলেমান নামে এক ব্যক্তি জাহিদের কাছে পাওনা টাকা চাইতে গেলে নির্যাতনের শিকার হন। অভিযোগ অনুযায়ী, জাহিদ ও তার সহযোগীরা কৌশলে তাকে রাজশাহীতে ডেকে একটি প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে মারধর করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় ফেলে রাখা হয়। এ সময় তার কাছ থেকে জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও রয়েছে।
ডিবির অভিযানে দুই আসামি গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় ভুক্তভোগী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দায়ের করা আগের মামলাসহ সাম্প্রতিক অভিযোগগুলো খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নুর/ এনএ