
রাজধানীর তোপখানা রোডের একটি সাততলা ভবনে আগুন লেগেছে। ‘গফুর টাওয়ার’ নামে ওই ভবনটির বিভিন্ন তলায় চিকিৎসা সরঞ্জাম বিক্রির দোকান রয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভবনটির ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে দায়িত্ব পালন করছিল। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আমরা খবর পাই। এরপর দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে যায়। তবে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন পুরোপুরি নির্বাপণের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা। তিনি বলেন, পুরোপুরি নেভানোর পর তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হবে।