
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৮:৩০ মিনিটে রাজীব চত্বরে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। র্যালিটি রাজীব চত্বর থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এসময় রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম বলেন :
২৬ মার্চ আমাদের জাতির গৌরবের দিন। এই দিনে আমরা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করি। শ্রমিকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা এখনও নানা ধরনের লাঞ্ছনা, বঞ্চনা ও নির্যাতনের শিকার হন। এসব সমস্যা সমাধানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার ও বিচার নিশ্চিত করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন।
এই সময় জিপ, কার ও মাইক্রো শ্রমিক ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন বলেন :
শ্রমিকদের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। শ্রমিকদের অধিকার নিশ্চিত ও তাদের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান লক্ষ্য।
র্যালিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, জিপ-মাইক্রো শ্রমিক ইউনিয়নের জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত হোসেন, মোঃ রিফাতসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক শ্রমিক।
এ সময় সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।