সোমবার (১৯ জুলাই) সাহিত্যাঙ্গনের বরপুত্রের নবম মৃত্যুবার্ষিকী। প্রতি বছর প্রিয় লেখকের স্মরণসভা ঘটা করে পালন করলেও এ বছর করোনাকালীন সময়ে তা সম্ভব হচ্ছে না। এদিকে, লেখককে ঘিরে গড়ে ওঠা নেত্রকোনার তরুণদের সংগঠন হিমু পাঠক আড্ডা প্রতিবছর প্রিয় লেখকের জন্ম এবং মৃত্যুবার্ষিকীকে ঘিরে র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এ বছর করোনার অতিমারিতে স্বাস্থ্যবিধি মানতে তেমন উদ্যোগ নিচ্ছে না বলে জানান সংগঠনের নেতারা। তারা জানান, গত বছরেও সীমিত পরিসরে লেখকের মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী পালিত হয়েছে। কিন্তু এ বছর হিমু পাঠক আড্ডার সদস্যরা অনেকেই করোনা আক্রান্ত। কেউবা আবার স্বজন হারিয়েছেন। যে কারণে প্রতি বছরের ন্যায় এ বছর অনলাইনে পালন করা হবে মৃত্যুবার্ষিকী। হিমু পাঠক আড্ডা ফেসবুক পেজ থেকে সোমবার (১৯ জুলাই) লেখক স্মরণে ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্মরণ কথন’ এর আয়োজন করেছে। এতে লেখক সম্পর্কে আলোচনা করবেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাংবাদিক শ্যামলেন্দু পাল, লেখক গবেষক স্বপন পালসহ হুমায়ুন ভক্তরা। এতে প্রতি বারের মতো হিমু রূপা সেজে র্যালিতে অংশ নেয়া যাবে না বিধায় এবার নিজ নিজ বাড়িতে বসে অনলাইনে সংযুক্ত হবেন সবাই। অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা আলপনা বেগম। এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি মোহনগঞ্জের শেখ বাড়িতে এবং পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে নিজ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।