
প্রিয়জন ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি ক্লাসে মাত্র একজন শিক্ষার্থীকে উপস্থিত পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে শিক্ষকদের দেওয়া ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজটি পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী। এ সময় একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীকে দেখে তিনি শিক্ষকদের কাছে জানতে চান, বাকি শিক্ষার্থীরা কোথায়?
জবাবে এক নারী শিক্ষক জানান, ওই ক্লাসে মোট ১৫ জন শিক্ষার্থী রয়েছে। তবে সেদিন উপস্থিত হয়েছে মাত্র একজন। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না বলেও জানান তিনি।
পরে মন্ত্রী জানতে চান, ক্লাস কখন শুরু হয় এবং অন্যান্য শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম কেন? জবাবে শিক্ষকরা জানান, ক্লাসের নির্ধারিত সময় সাড়ে ১১টা। শিক্ষার্থীদের ক্লাসে আনতে অনেক সময় ফোন করতে হয়। কেউ কেউ ক্লাসে না এসে বাইরে অবস্থান করে।
শিক্ষকদের এসব ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং পাঠদানে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান মন্ত্রী।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল।