গরুর গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা থেকে উৎপাদিত বায়োগ্যাস জ্বালানি সংকট মোকাবিলার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ প্রযুক্তির মাধ্যমে রান্নার জ্বালানি পাওয়ার পাশাপাশি উৎপাদিত জৈব সার কৃষিকাজে ব্যবহার করা যাবে। এমনকি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহ করে বাড়তি আয় করতে পারবেন খামারিরা। এ লক্ষ্যে দেশে নতুন করে ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় রাজশাহীর পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন এবং উদ্যোক্তা ও খামারিদের মধ্যে ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উদ্যোগে ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট)’ প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বায়োগ্যাস শুধু জ্বালানির বিকল্প নয়, এটি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ারও বড় সুযোগ। গরুর গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা ব্যবহার করে পরিবেশবান্ধব গ্যাস উৎপাদনের পাশাপাশি জৈব সার তৈরি করা সম্ভব। এ সার জমির উর্বরতা বাড়ায় এবং কৃষকদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।
তিনি বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার বাস্তবায়িত হয়েছে। দায়িত্ব নেওয়ার পর নতুন করে আরও ২৫ হাজার সংযোগ স্থাপনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণে এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হতো। এখন ঋণের পরিমাণ বাড়িয়ে ১০ লাখ টাকার বেশি করার প্রস্তুতি চলছে।
রাজশাহীর বায়োগ্যাস কার্যক্রমের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জেলার নয়টি উপজেলা ও একটি মেট্রোপলিটন থানায় ইতিমধ্যে ২৬৯টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ করা হয়েছে। তবে এগুলোর বেশির ভাগই পারিবারিকভাবে ব্যবহৃত হচ্ছে। এখন বাণিজ্যিক ব্যবহারের দিকে গুরুত্ব দিতে হবে। এ জন্য জেলা ও উপজেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তাদের প্রতি সপ্তাহে গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে মানুষকে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে উদ্বুদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। তিনি বলেন, বায়োগ্যাস প্রযুক্তি গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ও খামারিদের স্বাবলম্বী করার একটি কার্যকর উদ্যোগ। গরুর গোবর ও হাঁস-মুরগির বিষ্ঠা কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদনের পাশাপাশি জৈব সার তৈরি করা সম্ভব।
পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বায়োগ্যাস প্রকৌশলী মো. মাহাফুজুর ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, বায়োগ্যাস প্রযুক্তি পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের পাশাপাশি খামারিদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। পবা উপজেলায় এ প্রযুক্তির সম্প্রসারণ হলে স্থানীয় পর্যায়ে জ্বালানি সাশ্রয় ও বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হবে। এ উদ্যোগ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
নুর/ এনএ