• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রিয়জন ডেস্কঃ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। খুলনা, কুষ্টিয়া ও গোপালগঞ্জের বিভিন্ন ঘটনার উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টে দেশের তিন জেলার বিভিন্ন ঘটনা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

পোস্টে তিনি দাবি করেন, খুলনায় নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শহর ছাড়ছেন এবং চিকিৎসকেরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন। চাঁদাবাজির ভয়ে মানুষ মুখ খুলতে পারছেন না বলেও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গত সাড়ে ১০ মাসে খুলনায় ৭৭টি হত্যাকাণ্ড ঘটেছে এবং আটটি থানায় ১৮১ জন সন্ত্রাসী সক্রিয় রয়েছে।

কুষ্টিয়ার একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে আটক কলেজ ছাত্রদলের আহ্বায়ক সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই উপপরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্য আহত হন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের সশস্ত্র মিছিল, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, প্রধানমন্ত্রীর ছবি পদদলিত, জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর, প্রেস ক্লাবে পেট্রলবোমা নিক্ষেপ এবং এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দেড় হাজার পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েনের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি বলে দাবি করেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের ৬৪ জেলার মধ্যে মাত্র তিন জেলার পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। এরপরও স্বরাষ্ট্রমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করতে গিয়ে জর্জ অরওয়েলের উপন্যাস ‘১৯৮৪’-এর ‘মিনিস্ট্রি অব ট্রুথ’-এর উদাহরণ দেন তিনি। তাঁর অভিযোগ, অপরাধ নিয়ন্ত্রণের পরিবর্তে সরকার এখন বাস্তবতার বয়ান নিয়ন্ত্রণে ব্যস্ত। পোস্টের শেষাংশে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ করে তিনি বলেন, অরওয়েল উপন্যাসটি কল্পকাহিনি হিসেবে লিখেছিলেন, কিন্তু বাংলাদেশে তা সরকারি কর্মপরিকল্পনার মতো বাস্তবায়িত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।