
প্রিয়জন ডেস্কঃ মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জাতীয় স্মৃতিসৌধ ও এর প্রবেশপথে স্থাপন করা হবে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা।
সোমবার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জানানো হয়, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ অতিথি এবং সাধারণ মানুষের জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণের সময় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে।
নিরাপত্তার অংশ হিসেবে স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে স্থাপন করা সিসিটিভি ক্যামেরাগুলো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত থাকবে। সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার পাশাপাশি নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে। সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানেও জোরদার করা হবে নিরাপত্তা।
ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশের এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।