
প্রিয়জন ডেস্কঃ দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। বিয়ের দিন নগদে পরিশোধ করা হয় ১০ হাজার টাকা। বাকি ছিল ১ লাখ ৯০ হাজার টাকা। তবে বিবাহবিচ্ছেদের সময় সাবেক স্বামী পুলিশ পরিদর্শক মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নেওয়ার তথ্য জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আলোচিত সার্জেন্ট সাবিহা আক্তারের ঘনিষ্ঠ বন্ধু সাইফুল ইসলাম।
২০২২ সালের ৩০ আগস্ট সাবিহা আক্তার ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদ হয়। সেদিনই ৫০ লাখ টাকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন সাইফুল। তাঁর দাবি, এফডিআর ভেঙে এবং ধারদেনা করে এই টাকা পরিশোধ করেছিলেন মাহবুব আলম। তবে টাকা সরাসরি গ্রহণ করেন সাবিহার ঘনিষ্ঠ বন্ধু ও রাজশাহীর নিউরন নার্সিং কোচিং সেন্টারের মালিক সাইফুল ইসলাম।
পরে সাইফুল তাঁর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ওই টাকা জমা করেন। একই দিন সেখান থেকে অর্থ স্থানান্তর করা হয় সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে। সম্প্রতি তাঁর হিসাবে বিপুল পরিমাণ অর্থ স্থানান্তরের বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। তবে এতদিন এই অর্থের উৎস সম্পর্কে সাবিহা ও সাইফুলের পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অবশেষে রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের চন্ডিপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সাইফুল ইসলাম। সেখানে তিনি ৫০ লাখ টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করে জানান, সাবিহা ও মাহবুব আলমের বিবাহবিচ্ছেদের দিনই এ অর্থ লেনদেন হয়েছিল।
সংবাদ সম্মেলনে বিবাহবিচ্ছেদের কাগজপত্র দেখিয়ে সাইফুল বলেন, বিচ্ছেদের দিন সাবিহা তাঁর মাধ্যমে মাহবুব আলমের কাছ থেকে ৫০ লাখ টাকা নিয়েছিলেন। তবে এত বড় অঙ্কের টাকা নিজের ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করা ঠিক হয়নি বলেও স্বীকার করেন তিনি।
সাবিহা ও মাহবুব আলমের নিকাহনামা অনুযায়ী, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় ইউনিয়ন কাজী অফিসে তাঁদের বিয়ে হয়। কাজি মো. জিল্লুর রহমান বিয়ে পড়ান। নিকাহনামায় দেনমোহর নির্ধারণ করা হয়েছিল ২ লাখ টাকা। এর মধ্যে একটি স্বর্ণের নাকফুল ও একটি ব্রেসলেট বাবদ ১০ হাজার টাকা পরিশোধের কথা উল্লেখ রয়েছে। বাকি ১ লাখ ৯০ হাজার টাকা অপরিশোধিত ছিল।
তবে দেনমোহরের পরিমাণ ২ লাখ টাকা হলেও বিবাহবিচ্ছেদের সময় ৫০ লাখ টাকা নেওয়ার কারণ জানতে চাইলে সাইফুল ইসলাম কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।
এ বিষয়ে জানতে সার্জেন্ট সাবিহা আক্তারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
অন্যদিকে, রাজশাহীর বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা পুলিশ পরিদর্শক মাহবুব আলম বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। বিবাহবিচ্ছেদের সময় সাবিহাকে ৫০ লাখ টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রাক্তন স্ত্রীকে নিয়ে এখন কিছু বলতে চান না। সময় হলে সবকিছু জানাবেন।