
প্রিয়জন ডেস্কঃ গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশুটিকে জীবিত ফিরে পেতে এক নির্ঘুম রাত কেটেছে উদ্ধারকর্মীদের। সঙ্গে স্বজনদেরও। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল। উদ্ধার করা যায়নি শিশুটিকে।
আহাজারি করতে করতে মা রুনা খাতুন বলেন, আল্লাহ আমার ছাওয়ালকে (ছেলে) কত কষ্ট করে মানুষ করেছি। আল্লাহ তুমি কাইড়া (কেড়ে) নিও না। আল্লাহ আমি কষ্ট করে মানুষ (বড়) করব। তুমি কাইড়া (কেড়ে) নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছাওয়ালকে (ছেলে) আমার বুকে ফিরে দাও আল্লাহ।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু স্বাধীন কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল হতে না হতে উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, ফায়ার সার্ভিস উদ্ধার কাজ করছে। গর্ত করার পরে এখন সুড়ঙ্গ করা হচ্ছে। এরপর সুড়ঙ্গ দিয়ে মইয়ের সাহায্যে সেখানে পৌঁছানোর চেষ্টা করা হবে।