
প্রিয়জন ডেস্কঃ রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য আহত হয়েছেন।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, সেনাবাহিনীর ক্যাম্প বাকশিমইল গ্রামেই অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় তাদের পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ওসি আরও বলেন, দুর্ঘটনায় আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত সেনাসদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সেনাবাহিনীর পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। চালক ও হেলপারকে আটক করা হয়েছে।