প্রথমবারের মতো দ্বিতীয় ডোজ টিকাদান ক্যাম্পেইন সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, সরকারি নির্দেশনা অনুসরণে গত ৭ ও ৮ আগস্ট প্রথম পর্যায়ে যে কোভিড-১৯ প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছিল, তারই দ্বিতীয় ডোজ যথাক্রমে ৭ ও ৮ সেপ্টেম্বর তারিখে প্রদান করা হবে। সেইসঙ্গে গত ১৪ আগস্ট তারিখের দ্বিতীয় ডোজ আগামী ১১ সেপ্টেম্বর এবং গত ১৬ আগস্ট তারিখের দ্বিতীয় ডোজ আগামী ১২ সেপ্টেম্বর ওয়ার্ড পর্যায়ে প্রদান করা হবে। শুধুমাত্র টিকাদান রেজিস্ট্রেশন কার্ড ও এসএমএস প্রাপ্তি সাপেক্ষে যে যে কেন্দ্রে প্রথম ডোজ টিকা গ্রহণ করেছিলেন ওই একই কেন্দ্রে তিনি মডার্নার দ্বিতীয় ডোজ গ্রহণ করবেন। আগামী ৭, ৮, ১১ ও ১২ সেপ্টেম্বর টিটিসি, সংক্রামক ব্যাধি হাসপাতাল, পুলিশ হাসপাতাল ও সিএমএইচ এ যথারীতি টিকাদান কর্মসূচি চালু থাকবে।