
বিশ্বকাপের জন্য আগামী দু-একদিনের মধ্যেও ঘোষিত হবে ১৫ সদস্যের বাংলাদেশ দল। করোনাকালের বাস্তবতায় নেই খুব একটা পরীক্ষা-নিরীক্ষার সুযোগ। কেমন হতে পারে টাইগারদের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড?
চূড়ান্ত হয়েছে বিশ্বকাপের দল আর পরিকল্পনার সবকিছুই। নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান আকরাম খানের কথায় এমনটা স্পষ্ট হওয়া গেছে। এবার প্রশ্ন উঠেছে, কখন হবে অবসান অপেক্ষার। কখন জানা যাবে কারা উঠছেন বিশ্বকাপের বিমানে। বিসিবি ঘোষিত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির দিকে দৃষ্টি দিলে বিষয়টি হয়তো আরও স্পষ্ট হয়ে যাবে। এদের নিয়েই তবে কি পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা? তামিম না থাকায় নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে ফেরার গুঞ্জন শোনা গেলেও বিসিবি সূত্রের খবর সে সম্ভাবনা ক্ষীণ। সবশেষ নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়ছেন তাইজুল ইসলাম। সেরা ১৫-তে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ মিলছে আমিনুল ইসলাম বিপ্লবের। রিয়াদ-সাকিব-মুশফিক-মুস্তফিজ আর লিটন। সেরা ১৫ তো অবশ্যই দলেও জায়গা তাদের নিশ্চিত। এই আসরে কাপ্তান মাহমুদউল্লার ডেপুটি হিসেবে সবচাইতে এগিয়ে সুপার সাকিব।