
অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। লক্ষ্য ছিল অজিদের হোয়াইটওয়াশ করা। কিন্তু চতুর্থ ম্যাচ জিতে মান বাঁচিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ টি-টোয়েন্টি খেলবে না সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম। এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
তবে অজিদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজে ৪র্থ ম্যাচে মোটেও ভালো করেননি সাকিব। ৬, ৬, ৬, ০, ৬, ৬! সাকিবের বলে মিরপুরে ঝড় তুলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। লং অন, ওয়াইড লং অন, মিডউইকেট, মিডউইকেট, লং অন- এ অঞ্চল দিয়ে পাঁচটি ছক্কা মেরেছেন ক্রিস্টিয়ান। শনিবার (৭ আগস্ট) ম্যাচ শেষেও অধিনায়ক ম্যাথু ওয়েড বলেছেন, খেলার পার্থক্য গড়ে দিয়েছে সাকিবের ওই ওভারটি। এ বিষয়ে ক্রিস্টিয়ান বলেন, সাকিবের ওপর আক্রমণের আলাদা পরিকল্পনা ছিল। পরের ব্যাটসম্যানদের কাজটা সহজ করতেই এমন ব্যাটিং করেছি।