
টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে শনিবার (৭ আগস্ট) ব্রাজিলের মুখোমুখি হচ্ছে স্পেন। ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
সেলেসাওদের সামনে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের সুযোগ। অন্যদিকে, লা ফিউরা রোজারা ভাঙতে চায় ২৯ বছরের খরা। ঘরের মাঠে ২০১৬-তে স্বপ্ন পূরণ হয়েছিল সেলেসাওদের। রিওতে জার্মানিকে হারিয়ে সেবার প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণ গলায় পরেছিলেন নেইমাররা। আনন্দে ভেসেছিল সাম্বার দেশ। ৪ বছর পেরোতেই, আরও একবার সেই মুহূর্তের অপেক্ষায় ব্রাজিল। টোকিও অলিম্পিকের ফিনিশিং টাচ ছোয়ার অপেক্ষায় দানি আলভেস-রিচার্লিসনরা। ব্রাজিলের জাপান মিশন শুরু হয়েছিল জার্মানদের হারিয়ে। রিচার্লিসনের হ্যাটট্রিকে আগেরবারের ফাইনালিস্টদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করে হলুদ শিবির। কিন্তু পরের ম্যাচেই থেমে যায় তাদের জয়রথ। গ্রুপের শেষ ম্যাচে আবারও জ্বলে উঠেন রিচার্লিসন, জয় পায় সাম্বারা।