হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪৪ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে তিনজন এবং ঢাকা ও সিলেট বিভাগে একজন করে রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮০ জনের মৃত্যু হয়েছে।
এ সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। আর নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
নুর/ এনএ