
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এ সময় প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।
এবারের আয়োজনের প্রতিপাদ্য— ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আয়োজনের অংশ হিসেবে রয়েছে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের মধ্যে স্মারক উপহার বিতরণ এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।
পরে প্রধানমন্ত্রী শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে যাবেন। সেখানে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করার কথা রয়েছে।