
প্রিয়জন ডেস্কঃ অবশেষে সব প্রতীক্ষার অবসান। ২০ বছরের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে নিজের শততম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ক্রিকেটও প্রথমবার এমন নজিরের সাক্ষী হলো। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (বুধবার) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে নাজমুল হোসেন শান্ত’র দল। বিসিবি থেকে মুশফিককে বরণের মধ্য দিয়ে ম্যাচের শুরুটা হয়েছে।
বল মাঠে গড়ানোর আগমুহূর্তে দুই দলের ক্রিকেটারদের উপস্থিতিতে বিসিবির শুভেচ্ছা পেয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। এই সময় মুশফিকের বাবা-মা, স্ত্রী-সন্তানও সেখানে উপস্থিত ছিলেন। ২০০৫ সালে মুশফিককে অভিষেক পরিয়ে দিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন অধিনায়ক হাবিবুল বাশার। শততম টেস্ট উপলক্ষে তাকে দেওয়া হয়েছে বিশেষ ক্যাপ। এবারও মাইলফলক ম্যাচের ক্যাপটি পেলেন বাশারের কাছ থেকে।
এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বিশেষ উপহার দিয়েছেন মুশফিককে। পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম ক্রেস্ট তুলে দেন তার হাতে। বিশেষ ক্যাপ ছাড়াও হাবিবুল বাশার ও বর্তমান অধিনায়ক শান্ত প্রথম ও শততম টেস্টে মুশফিকের সঙ্গে খেলা সতীর্থদের স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিয়েছেন।
প্রসঙ্গত, দ্বিতীয় টেস্টে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। একাদশে দুটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, হাসান মাহমুদ ও নাহিদ রানার পরিবর্তে একাদশে ফিরেছেন এবাদত হোসেন ও খালেদ আহমেদ। এর আগে সিলেট টেস্টে দাপুটে জয়ের পর বাংলাদেশ ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে।