
প্রিয়জন ডেস্কঃ হাতিয়াকে জেলা বানানোর ঘোষণা দিলেন নোয়াখালী- ৬ (হাতিয়া) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।
প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি বিএনপি থেকে প্রার্থী হব ইনশাআল্লাহ। হাতিয়া দ্বীপকে জেলায় রূপান্তর করব, হরণি ও চানন্দী ইউনিয়নকে উপজেলায় উন্নীত করব এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ। আমি যে কথা বলি, সে কথা রাখি।
তিনি বলেন, ১৯৮২ সালে বেগম খালেদা জিয়া হাতিয়া সফরে এসেছিলেন। সেই সময় তিনি হরণি ও চানন্দী ইউনিয়নের নাম ঘোষণা করেন এবং দ্রুত ও সুচারুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। আমি অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকব এবং বর্তমানে আছি— আমৃত্যু হাতিয়ার মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবার দোয়া চাই, আমি-ও আপনাদের জন্য দোয়া করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি সময় নেই; উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের এখনই মাঠে নেমে পড়ার আহ্বান জানাচ্ছি।
বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ইমাম হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মো. আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইফতেখার হোসেন স্বপন, সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।