
প্রিয়জন ডেস্কঃ আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপের ১৭তম আসর। আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে এবারেরে আসর। জয় দিয়ে শুরু করতে চায় শক্তিশালী আফগানিস্তান। অন্যদিকে, এশিয়া কাপে নিজেদের ইতিহাসে হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের লক্ষ্য হংকংয়ের।
২০১৪ সাল থেকে এশিয়া কাপ খেলছে আফগানিস্তান। একবারও ফাইনাল খেলতে পারেনি আফগানরা। দলটির সেরা সাফল্য সুপার ফোরে খেলা। ২০১৮ ও ২০২২ আসরে সুপার ফোরে খেলেছে তারা। এবার সুপার ফোরের বাধা টপকে ফাইনালে খেলতে বদ্ধপরিকর আফগানরা।
সদ্য আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে আফগানিস্তান। ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে পাকিস্তানের কাছে ৭৫ রানে হারে তারা। এই হার এশিয়া কাপে প্রভাব ফেলবে না বলে জানান রশিদ, ‘এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ ছিল ত্রিদেশীয় সিরিজ। এখানে আমরা দল নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। তাই এ সিরিজের ব্যর্থতা আমাদের দলে কোন প্রভাব ফেলবে না। আমরা মূলত, আগামী বছরের বিশ্বকাপ পরিকল্পনায় রেখে সামনে এগোচ্ছি।’
২০০৪ আসরে প্রথমবার এশিয়া কাপ খেলতে নামে হংকং। এরপর আরও তিনবার- ২০০৮, ২০১৮ ও ২০২২ সালে এশিয়া কাপ খেলেছে তারা। এখন পর্যন্ত এশিয়া কাপের মঞ্চে কোন জয়ের দেখা পায়নি হংকং। সর্বমোট ৮ ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে তারা। তবে এবারের এশিয়া কাপেই হারের বৃত্ত ভেঙ্গে প্রথম জয়ের স্বাদ নিতে চায় হংকং।
দলের অধিনায়ক ইয়াসিম মুর্তজা বলেন, ‘এবার আমরা বড় লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে নামছি। আমাদের প্রধান লক্ষ্য হারের বৃত্ত ভাঙ্গা এবং এশিয়া কাপে প্রথম জয় তুলে নেওয়া। এবার অতীত ইতিহাসে পাল্টে ফেলতে মরিয়া ছেলেরা।’