
কিশোরগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মৎস্য খামারের দুই কর্মচারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্ষাকড়িয়াইল ইউনিয়নের জিকরজোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, কর্ষাকড়িয়াইল কোদালাটিয়া এলাকায় একটি মৎস্য খামারে পরিচর্যার কাজ করছিল ওই খামারের তিন কর্মচারী। সকাল ৮টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন জুয়েল মিয়া, আবুল কালাম ও রতন মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জুয়েল মিয়া ও আবু কালামকে মৃত ঘোষণা করেন। মৃত জুয়েল (২৪) কটিয়াদী উপজেলার সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের সতেরধোন গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে এবং আবু কালাম (৪০) দানাপাটুলি ইউনিয়নের মাথিয়া গ্রামের আ. আজিজের ছেলে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত রতনকে (৪৫) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।