প্রিয়জন ডেস্কঃ আজ ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের মতো বিশ্বের বিভিন্ন দেশেও নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হচ্ছে।
নারীর অধিকার, মর্যাদা ও সমতা প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার নতুন করে উচ্চারিত হয় এ দিবসে।
আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস মূলত শ্রমজীবী নারীদের অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত। ১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক ১২ ঘণ্টার শ্রম কমিয়ে আট ঘণ্টা করা, ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলনে নামেন। ওই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী শ্রমিক গ্রেফতার ও নির্যাতনের শিকার হন।
পরবর্তীতে ১৮৬০ সালের একই দিনে গঠিত হয় নারীশ্রমিক ইউনিয়ন। এরপর ১৯০৮ সালে নিউইয়র্কে পোশাক ও বস্ত্রশিল্পের প্রায় দেড় হাজার নারী শ্রমিক একই দাবিতে আবারও আন্দোলনে নামেন এবং শেষ পর্যন্ত আট ঘণ্টা কর্মঘণ্টার অধিকার আদায় করেন।
নারী শ্রমিকদের এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে জার্মান নেত্রী ক্লারা জেটকিন ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেন। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নারী অধিকার আন্দোলনের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।
১৯৭৫ সালে জাতিসংঘ আন্তর্জাতিক নারীবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন শুরু করে। পরে ১৯৭৭ সালে দিনটিকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয় সংস্থাটি।
বর্তমানে দিনটি শুধু উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সাইবার বুলিং ও অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, একটি দেশের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা হয়। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু, উচ্চশিক্ষায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, মেয়েদের জন্য ফ্রি স্কুল ইউনিফর্ম, ডিজিটাল লার্নিং সুবিধা এবং আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।
দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কয়েকজন নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করা হবে।
এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি সংগঠন ও সামাজিক সংগঠনও দিবসটি ঘিরে সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাংকিং খাতেও বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বিভিন্ন তফসিলি ব্যাংক নারী গ্রাহকদের জন্য সচেতনতামূলক আলোচনা এবং নারী উদ্যোক্তাদের সহায়তা বিষয়ক কর্মসূচি আয়োজন করছে।
এদিকে শ্রমজীবী নারী মৈত্রীর উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে “নতুন সরকার, পুরুষতন্ত্র ও নারী অধিকারের লড়াই” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। একই স্থানে সকাল ১০টায় র্যালিও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনও বিশেষ আলোচনা সভা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেছে। এসব অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীরা তাদের সংগ্রাম, অভিজ্ঞতা ও অর্জনের কথা তুলে ধরবেন।