প্রিয়জন ডেস্কঃ ভারত মহাসাগরে মোতায়েন থাকা একটি মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বুধবার ভোরে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়েছে। ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি কৌশলগত মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালানো হয়।
আইআরজিসির নৌবাহিনীর তথ্যমতে, মার্কিন ডেস্ট্রয়ারটি একটি জ্বালানি ট্যাংকার থেকে জ্বালানি নিচ্ছিল, ঠিক তখনই সেটিকে লক্ষ্যবস্তু করা হয়। অভিযানে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘কদর-৩৬০’ ও ‘তালাইয়েহ’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে আইআরজিসি আরও দাবি করেছে, হামলার পর ডেস্ট্রয়ার ও জ্বালানি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তবে যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে কোনো ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেনি।
ইরানি সামরিক বাহিনী বলছে, এই হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাব হিসেবে চালানো হয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগর অঞ্চলে উত্তেজনা আরও বাড়াতে পারে।