
প্রিয়জন ডেস্কঃ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২২ বিচারপতির শপথ হবে আজ। বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন।
মঙ্গলবার (১১ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া হাইকোর্টের ২২ অতিরিক্ত বিচারপতিকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তবে একই সময়ে নিয়োগ পাওয়া বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলের বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বয়স ৪৫ বছর পূর্ণ না হওয়ায় তাকে স্থায়ী করা হয়নি। পরে তাকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হবে বলে সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে ২২ জনকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ২০২৪ সালের ৯ অক্টোবর ২৩ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয় সরকার। ২৩ জনের মধ্যে বিএনপি নেতা নিতাই রায় চৌধুরীর ছেলে দেবাশীষ রায় চৌধুরী ছিলেন।