
মানিকগঞ্জে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যদের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম রওশন জাহান এই আদেশ দেন। শামীম শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে। আদালত সূত্রে জানা গেছে, এন্টি টেররিজম ইউনিট রোববার দিবাগত রাতে শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. শামীমের নিজ বাড়ি থেকে জিহাদী বই ও ইলেকট্রনিক ডিভাইজসহ আটক করে শিবালয় থানায় নিয়ে যায়। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আলামতসহ ৫ দিনের রিমান্ড চেয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত শুনানি শেষে তার তিন দিনের মঞ্জুর করেন। একইসঙ্গে ১৫ কার্যদিবসের মধ্যে রিমান্ড কার্যকরের প্রতিবেদন দেওয়ার নিদের্শন দিয়েছেন আদালত।এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। পরে তার কাছ থেকে জিহাদি বই ও কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়। ওই সময় শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর জানান, শামীম বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই বিতরণ করে অনুসারী বাড়ানোর চেষ্টায় লিপ্ত ছিল। তার বিরুদ্ধে শিবালয় থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিট মামলাটি তদন্ত করবে।